Views Bangladesh Logo

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে, ফলে বিপুল সংখ্যক মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান আইন দিয়ে কার্যকরভাবে মাদক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। মাদকচক্রগুলো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় অস্ত্র ও সক্ষমতা নেই।

তিনি বলেন, বিদ্যমান মাদক আইনে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মাদকচক্রগুলো আধুনিক অস্ত্রে সজ্জিত, অথচ আমাদের কর্মকর্তাদের কাছে কোনো অস্ত্র নেই। এজন্য মাদক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরির চেষ্টা চলছে এবং চলতি সংসদ অধিবেশনেই বিষয়টি উত্থাপন করা হতে পারে।

মাদক মামলার জটও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানান মন্ত্রী। তার তথ্য অনুযায়ী, শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। দেশের অন্যান্য জেলায়ও বিপুল সংখ্যক মামলা ঝুলে আছে।

এই পরিস্থিতি মোকাবিলায় মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি প্রচলিত আদালতেও বিচার কার্যক্রম চলমান থাকবে।

মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।

এছাড়া বেসরকারি পুনর্বাসন কেন্দ্রগুলোর কার্যক্রমকে উৎসাহিত করতে ৭৩টি কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ