হামের টিকা ৮১ শতাংশ শিশুকে দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা চলমান থাকলেও সরকারের পক্ষ থেকে হামের টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ শিশু ইতোমধ্যে হামের টিকার আওতায় এসেছে। টিকা মজুদের কোনো ঘাটতি নেই।
রোববার (৩ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের টিকা কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে শতভাগ লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। আর দুই-চার দিনের মধ্যে ১০০ শতাংশ লক্ষ্য কভার করে ফেলব।
তিনি দাবি করেন, দেশে টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোনো ধরনের ঘাটতি বা দুর্বলতা নেই।
একই সঙ্গে তিনি বলেন, টিকা দেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হতে কিছু সময় লাগে, তাই পরিস্থিতির প্রভাব তাৎক্ষণিকভাবে পুরোপুরি দেখা যায় না।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জন শিশু মারা গেছে। এর মধ্যে একজনের হামে মৃত্যু নিশ্চিত হয়েছে। বাকি নয়জনের শরীরে হামের উপসর্গ ছিল।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৫০ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ২৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের বিভিন্ন বিষয়ে সহযোগিতার নির্দেশনা দেওয়ার কথা উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে বলা হয়েছে।
তিনি আরও জানান, জলাতঙ্ক ও সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এবং অ্যান্টি স্নেক ভেনমের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো ঘাটতি না থাকে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরিকল্পিত ও অবৈধভাবে পরিচালিত ক্লিনিকগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে জেলা প্রশাসকদের বলা হয়েছে। একই সঙ্গে ডিসপেনসারিগুলোতে ভেজাল ওষুধ বিক্রি হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে