Views Bangladesh Logo

২০২৫ সালে চমেক হাসপাতালে ৮১ জনের শরীরে এইচআইভি শনাক্ত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এআরটি সেন্টারে ২০২৫ সালে মোট ৩ হাজার ৯৪২ জনের এইচআইভি পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮১ জনের শরীরে এইচআইভি পজিটিভ (এইডস আক্রান্ত) শনাক্ত হয়েছে। একই সময়ে আক্রান্তদের মধ্যে ১৫ জন মারা গেছেন।

বুধবার সকালে হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সেমিনার হলে ‘বাংলাদেশে এইচআইভি মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালার উদ্দেশ্য ছিল এইচআইভি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আক্রান্তদের মানবাধিকার সুরক্ষা এবং এ বিষয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা জোরদার করা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন উপপরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এবং চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান ডা. জুনায়েদ মাহমুদ খান।

মূল প্রবন্ধে বাংলাদেশে এইচআইভির বর্তমান পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি, সামাজিক কলঙ্ক ও বৈষম্য দূরীকরণ এবং মানবাধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে সঠিক তথ্য প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অংশগ্রহণকারীরা এইচআইভি সংক্রান্ত সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, আক্রান্ত ব্যক্তির গোপনীয়তা রক্ষা এবং বৈষম্যমুক্ত ভাষা ব্যবহারের ওপর মতামত দেন।

বক্তারা বলেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ