৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আরও আটটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা আরও হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।
এদিকে অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে আগামী কয়েক দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির বিষয়েও সতর্ক করেছে আবহাওয়া অফিস। মূলত মেঘমালার এই সক্রিয় অবস্থানের কারণে উত্তরাঞ্চল ও সিলেটের পাহাড়ি এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে