টুঙ্গিপাড়া থানায় আগুনের ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় থানার অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন সরকারি স্থাপনা ও সম্পদের ক্ষয়ক্ষতি ২১ কোটি টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মামলার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আরিফুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসকে আসামি করা হয়েছে।
তালিকায় আরও রয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামচুল হক এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২৫ নেতা। তাঁদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৮ হাজার জনকে মামলায় আসামি করা হয়েছে।
এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যায়। একই সঙ্গে থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
মামলার এজাহারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিস্তারিত তালিকাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একটি এলএমজি ও এর ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ এবং দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।
এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলিও লুট হয়েছে। এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অন্যান্য সরকারি স্থাপনা, যানবাহন ও সরঞ্জামের ক্ষয়ক্ষতিসহ সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২১ কোটি টাকা।
এ বিষয়ে গোপালগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এদিকে হামলা ও অগ্নিসংযোগের কারণে থানার স্বাভাবিক কার্যক্রম এখনো ব্যাহত হচ্ছে। থানা সূত্রে জানা গেছে, ভবন, আসবাবপত্র, যানবাহন, পুলিশের পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যাওয়ায় নিয়মিত কার্যক্রম পরিচালনার মতো পরিবেশ নেই। দায়িত্ব বণ্টন করা হলেও বাস্তবে সীমিত পরিসরে কাজ চালাতে হচ্ছে। দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হচ্ছে।
গত এক সপ্তাহ ধরে কাগজে-কলমে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। অন্যদিকে টহল পুলিশের দায়িত্বে রয়েছেন উপপরিদর্শক মাহমুদুর রহমান ও নাজমুল হোসেন।
মতামত দিন