Views Bangladesh Logo

রাঙ্গামাটিতে রাতের আঁধারে কেটে ফেলা হলো ৮০০ ফলন্ত পেঁপে গাছ

রাঙ্গামাটিতে রাতের আঁধারে প্রায় ৮০০টি ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এক রাতের ব্যবধানে বাজারজাতের উপযোগী শত শত গাছ নষ্ট হওয়ায় কয়েক লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন পেঁপে চাষি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে রাঙ্গামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গাপানির নোয়াদাম ব্রাহ্মণটিলা এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে বাগানে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ এলাকাজুড়ে সারি সারি পেঁপে গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে রাখা হয়েছে। অধিকাংশ গাছেই কাঁচা ও আধাপাকা পেঁপে ঝুলছিল, যা আগামী এক মাসের মধ্যেই বাজারজাত করার পরিকল্পনা ছিল।

জমির মালিক আহমদ ফজলুর রশিদ সেলিম জানান, মো. খলিল নামের এক ব্যক্তি তার কাছ থেকে প্রায় এক একর জমি লিজ নিয়ে পেঁপে চাষ করেন। বাগানে প্রায় ১ হাজার ৮০০টি পেঁপে গাছ রোপণ করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ফলধরা প্রায় ৮০০টি গাছ বেছে বেছে কেটে ফেলা হয়েছে।

তিনি বলেন, রাতের অন্ধকারে কারা এই নাশকতা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। ফলন্ত গাছ এভাবে কেটে ফেলা কৃষকের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও নির্মম ঘটনা।

বাগানের কেয়ারটেকার মো. জাহিদ জানান, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে বাগানে গিয়ে তিনি বিপুলসংখ্যক গাছ কাটা অবস্থায় দেখতে পান। যেসব গাছ কেটে ফেলা হয়েছে, সেগুলোর পেঁপে আগামী এক মাসের মধ্যেই বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠত।

জানা গেছে, লিজগ্রহীতা ও পেঁপে চাষি মো. খলিল বর্তমানে রাঙ্গামাটির বাইরে অবস্থান করছেন। তিনি ফিরে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জমির মালিক। এ কারণে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

স্থানীয়দের দাবি, কৃষকের ক্ষতি করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ