Views Bangladesh Logo

শাহজালালে ১৬ কোটি টাকার সোনাসহ ধরা পড়ল বিমানের ২ কর্মচারী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মচারীকে ৮০টি সোনার বারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সিআইআইডির কর্মকর্তারা ঢাকার শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। রানওয়ে এলাকায় সন্দেহভাজন ওই দুই বিমানকর্মীকে তল্লাশি চালিয়ে তাদের জুতার ভেতরে লুকানো অবস্থায় ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা সোনার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন আনুমানিক ১১৭ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

সিআইআইডি বলছে, এই চোরাচালানের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে এল এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ