স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ জন
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৮ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সরকারের সংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শিগগির স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, কবি আল মাহমুদ, ভাস্কর নভেরা আহমেদ, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, পপসম্রাট আজম খান, লেখক গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ এবং ছাত্রলীগ কর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে এবার স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে।
স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম সোনার পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।
গত বছর (২০২৪) ১০ জনকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে