Views Bangladesh Logo

ঈদে মুক্তি ৮ সিনেমা, জমজমাট প্রতিযোগিতা

অনেক হিসাব–নিকাশ, জল্পনা–কল্পনা আর শেষ মুহূর্তের অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে কোরবানির ঈদকে ঘিরে দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাচ্ছে আটটি সিনেমা। ঈদের দিন থেকেই দর্শকের সামনে থাকছে তারকা–নির্ভর ও বৈচিত্র্যময় এসব ছবি, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা ও আলোচনা।

মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে শাকিব খানের ‘রকস্টার’, নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরানের ‘রইদ’, আলোচিত ‘মাসুদ রানা’, আরিফিন শুভ–বিদ্যা সিনহা মিমের ‘মালিক’, ববি হকের ‘তছনছ’, ডি এ তায়েব–মাহিয়া মাহির ‘অফিসার’, আদর আজাদ–বুবলীর ‘পিনিক’ এবং খায়রুল বাসার ও মাসুমা রহমান নাবিলার ‘বনলতা সেন’।

চলচ্চিত্র–সংশ্লিষ্টরা বলছেন, দেশের সীমিত প্রেক্ষাগৃহ ও শো–সংখ্যার তুলনায় একসঙ্গে এত সিনেমা মুক্তি পাওয়া বড় চ্যালেঞ্জ। এতে দর্শক ও হল ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। অনেকেই মনে করছেন, কিছু সিনেমা শুরু থেকেই পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

ঈদ উপলক্ষে রাজধানীসহ সারা দেশের সিনেমা হলগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি—পরিষ্কার–পরিচ্ছন্নতা, সংস্কার, আলোকসজ্জা ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হল মালিক ও প্রযোজকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক প্রচারযুদ্ধ।

বিশেষজ্ঞদের মতে, এবারের ঈদে সবচেয়ে বেশি শো পেতে পারে শাকিব খানের ‘রকস্টার’। অন্যদিকে মাল্টিপ্লেক্স দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে ‘রইদ’। একইসঙ্গে ‘মাসুদ রানা’ ও ‘মালিক’ নিয়েও রয়েছে বাড়তি কৌতূহল।

চলচ্চিত্র–বিশ্লেষকদের ধারণা, কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে সফল হলেও সামগ্রিকভাবে এটি প্রযোজকদের জন্য বড় ধরনের ঝুঁকির ঈদ। তবে সব জল্পনা ছাপিয়ে এখন দর্শকের সিদ্ধান্তেই নির্ধারিত হবে এবারের ঈদের সিনেমা বাজারের বিজয়ী কে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ