হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ৭৭৯ শিশুর মৃত্যু হলো।
আজ বৃহস্পতিবার প্রকাশিত অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এই আট মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে তিন শিশু। এ ছাড়া খুলনা বিভাগে দুজন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে হিসাব করলে শুধু হামের উপসর্গ নিয়েই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮৪ শিশুর, আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৫ শিশু।
একই ২৪ ঘণ্টায় নতুন করে হাম বা এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু, যাদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ১৯৭ জনের এবং বাকি ৯৭৪ জনের শরীরে দেখা গেছে হামের উপসর্গ।
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৯ হাজার ২৪২ শিশু হাম বা এর উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ১০৪ শিশুর, বাকি ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে দেখা গেছে শুধু উপসর্গ। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ শিশু, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪ হাজার ২৭৫ জন।
মতামত দিন