পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে নারী-শিশুসহ নিহত ৮
পিরোজপুরে একটি প্রাইভেট কার খালে পড়ে নারী ও শিশুসহ দুই পরিবারের আটজন মারা গেছেন।
বুধবার (৯ অক্টোব) দিবাগত রাত তিনটায় পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়।
নিহতেরা হলেন—নাজিরপুরের হোগাবুনিয়া এলাকার মৃত আসাদ মৃধার ছেলে শাওন (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৫), শিশু সন্তান শাহাদাত (১০) ও আব্দুল্লাহ (৩)। অপর পরিবারের শেরপুরের দিঘিপাড়া রঘুনাথপুর নিজামুদ্দিনের ছেলে মো. মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা (৩০), মেয়ে মুক্তা (১২) ও দুই বছর ছেলে শিশু সোয়াইব।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বলেন, একটি প্রাইভেটকার দুর্ঘটনায় আটজনকে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।
ওসি আব্দুস সোবাহান বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে