Views Bangladesh Logo

সিলেটে মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ৮, আহত অন্তত ২৫

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৮ জন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অন্তত ২৫ জন যাত্রীকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনায় ৮ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ