Views Bangladesh Logo

বাগেরহাটে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৮

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষের কারণ নিয়ে দুই দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

জামায়াতের দাবি, ধানের শীষ প্রতীকের নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণ করতে বেরিয়েছিল। এ খবর পেয়ে স্থানীয় জামায়াতকর্মীরা সেখানে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে জামায়াতের অন্তত ছয়জন আহত হন।

অন্যদিকে বিএনপির অভিযোগ, জামায়াতের ৮–১০ জন কর্মী বাড়ি বাড়ি গিয়ে টাকা ও লিফলেট বিতরণ করছিলেন। বিএনপির কর্মীরা বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির দুই কর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন জামায়াতের তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক এবং বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ। জামায়াতের ছয় কর্মীকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ।

তিনি অভিযোগ করেন, ধানের শীষের পক্ষে স্থানীয় লিটু মেম্বারসহ বিএনপির কিছু নেতাকর্মী টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে জামায়াতকর্মীরা সেখানে গেলে তাঁদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়, যা থেকে সংঘর্ষের সূত্রপাত।

তবে বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মাসুদ বলেন, জামায়াতের লোকজন টাকা ও লিফলেট বিতরণ করছিলেন। বাধা দিলে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ ঘটে এবং তাঁদের দুই কর্মী মাথায় আঘাত পান। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ