Views Bangladesh Logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন অর্প (২০), মুন্না (৩৫), নয়ন শেখ (৩৬), মো. আলী মিয়া শেখ (৪৭), ফারুক হোসেন (৪০), শিউলী আক্তার (৩০), খান মৌসুমী ফেরদৌস (৩৯) এবং হামিদুল ইসলাম (২৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১২টা ৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর পৌঁছায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

তিনি জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত আটজন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপর সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ