Views Bangladesh Logo

মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে, আহত ৮

সুনামগঞ্জ-সিলেট সড়কে মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার সকালে শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক গ্রামের হেলাল মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৯) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকায় মারা যান। শনিবার সকালে স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ ঢাকা থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে সদরপুর এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

পরে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সের যাত্রী ও মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হন। আহতদের প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অন্য একটি অ্যাম্বুলেন্সে তাদের জামালগঞ্জে পাঠানো হয়।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ফজল মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকায় এক নারীর মৃত্যু হয়েছিল। স্বজনেরা তার মরদেহ নিয়ে শনিবার সকালে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহসহ সব যাত্রীকে উদ্ধার করেন।

তিনি জানান, অ্যাম্বুলেন্সটিতে মরদেহের সঙ্গে ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের জামালগঞ্জে পাঠানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ