Views Bangladesh Logo

কারওয়ান বাজারে বাস দুর্ঘটনায় ঢাবির ৮ শিক্ষার্থী আহত

রাজধানীর কারওয়ান বাজারে বাস দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি ডাবল-ডেকার বাসটি কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আহত শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এদিকে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, র‍্যাম্প দিয়ে নামার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে এটি দুটি মাইক্রোবাস, দুটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ‘ক্ষণিকা’ নামের ঢাবির বাসটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটি টঙ্গী থেকে আসছিল বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ