নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে ৮ জন আটক
রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিছিল থেকে আটজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডি থানা পুলিশ তাদের আটক করে।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ধানমন্ডি ১২/এ এলাকায় তাকওয়া মসজিদ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্যরা হঠাৎ মিছিল বের করার চেষ্টা করে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তারা বিভিন্ন গলিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে।’
এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন উদ্ধার করা হয়।
ঘটনার সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) ও ধানমন্ডি থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, ৭ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় হিযবুত তাহরীরের একটি মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল। সেখান থেকে সংগঠনটির ৩৪ সদস্যকে আটক করা হয়।
৭ মার্চ হিযবুত তাহরীর 'খিলাফতের জন্য মিছিল' নামে একটি কর্মসূচি ঘোষণা করেছিল। ঢাকা শহরের বিভিন্ন স্থানে এই কর্মসূচির পোস্টার দেখা গেছে। ওইদিন জুমার নামাজের পর সংগঠনটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিল বের করে এবং খিলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে স্লোগান দেয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে