বাপ্পা মজুমদারের সম্মানে গাইবেন ৮ শিল্পী
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারকে সম্মান জানাতে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘সেলিব্রেটিং বাপ্পা মজুমদার’ শিরোনামের এ আয়োজন অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রা বিরতি’তে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাপ্পা মজুমদার নিজেও। তার সামনেই তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন নতুন প্রজন্মের আট শিল্পী। তারা হলেন— জয় শাহরিয়ার, এলিটা করিম, ডি’রকস্টার শুভ, খৈয়াম সানু সন্ধি, কারিশমা সানু সভ্যতা, ইউসুফ আহমেদ খান, ফারহিন খান জয়িতা এবং সায়েমুল ইসলাম রিয়াদ।
আয়োজকদের ভাষ্য, বাংলা সংগীতে বাপ্পা মজুমদারের অবদান অনন্য। ‘পরী’, ‘ধুলো পড়া চিঠি’, ‘রাতের ট্রেন’, ‘কখনো ইচ্ছে হয়’ ও ‘দিন বাড়ি যায়’-এর মতো অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি কয়েক দশক ধরে শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। সেই ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই আয়োজন।
অনুষ্ঠানের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। টিকিট ভেন্যু থেকে সংগ্রহ করা যাবে। তবে এর আগে নির্ধারিত অনলাইন লিংকে নিবন্ধন করতে হবে, যার তথ্য ‘যাত্রা বিরতি’ এবং অংশগ্রহণকারী শিল্পীদের ফেসবুক পেজে পাওয়া যাবে।
মতামত দিন