Views Bangladesh Logo

গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল ৭ বছরের শিশু!

চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের গভীর অরণ্যে সাত বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দুপুরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় শ্রমিকরা। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর প্রায় ২টার দিকে ইকোপার্কের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে সড়ক উন্নয়নকাজ চলছিল। এ সময় একটি স্কেভেটর চালক দেখতে পান, জঙ্গল থেকে টলমল পায়ে রক্তাক্ত অবস্থায় একটি শিশু রাস্তার দিকে এগিয়ে আসছে। শিশুটির শ্বাসনালী কাটা ছিল। তার পরনের কাপড় রক্তে ভেজা এবং শরীরের নিচের অংশে কোনো পোশাক ছিল না।

উদ্ধারকারী রবিউল হাসান ও আরিফুল ইসলাম রনি জানান, দ্রুত গলার ক্ষতস্থানে কাপড় বেঁধে একটি ট্রাকে করে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আলতাব হোসেন ও ডা. ইসরাত জাহান মুহুয়া জানান, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শ্বাসনালী কেটে যাওয়ায় সে কথা বলতে পারছে না। প্রাথমিক আলামত দেখে চিকিৎসকদের ধারণা, সে যৌন নির্যাতনের শিকার হয়ে থাকতে পারে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন ও ওসি মহিনুল ইসলাম জানান, মেয়েটিকে কুমিরা এলাকা থেকে ফুসলিয়ে ইকোপার্কে নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধর্ষণের পর তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় অপরাধীরা।

পুলিশ জানায়, হাসপাতালে আনার পর শিশুটি কষ্ট করে নিজের নাম-পরিচয় জানাতে সক্ষম হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, ইকোপার্ক এলাকায় নিরাপত্তা জোরদার ও দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ