Views Bangladesh Logo

এবার সপ্তম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চার বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ও সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তন্ময় হাসান (১৬) নামের এক স্কুলছাত্রের বিরুদ্ধে।

সোমবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের পশ্চিম চর পরতাবাজু এলাকায় এ ঘটনা ঘটে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শিশুটি নিজ বাড়িতে খেলা করছিল। এ সময় তন্ময় তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। এরপর ঘরের দরজা বন্ধ করে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

ঘটনার পর শিশুটিকে খুঁজতে থাকেন তার পরিবারের সদস্যরা। এক পর্যায়ে তন্ময়ের বাড়িতে গিয়ে শিশুটিকে দেখতে পান তার মা। তন্ময় শিশুটির মাকে দেখে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে শিশুটি তার মাকে পুরো ঘটনা জানায়।

জানা গেছে, অভিযুক্ত তন্ময় হাসান ওই এলাকার রবিউল মণ্ডলের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ধর্ষণের ঘটনার পর থেকে সে ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন।

এ ঘটনার পর শিশুটির মা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে শিশুটি পুলিশের হেফাজতে রয়েছে।  থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত তন্ময়কে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ