Views Bangladesh Logo

পাচারকৃত সম্পদ থেকে কর আদায়ে করণীয় নির্ধারণে ৭ সদস্যের কমিটি গঠন

বিদেশে পাচার করা সম্পদের মধ্যে আদালতের আদেশে অবরুদ্ধ (ফ্রিজ) বা সংযুক্ত (অ্যাটাচমেন্ট) থাকা হিসাব থেকে সরকারের শুল্ক ও কর আদায়ের বিষয়ে করণীয় নির্ধারণে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

রোববার (১৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য পদক্ষেপের বিষয়ে করণীয় নির্ধারণ এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে। সদস্য হিসেবে রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক অনুবিভাগের অতিরিক্ত সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম শাখার ডিআইজি।

এ ছাড়া এনবিআরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) মহাপরিচালককে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে, বিদেশে পাচার করা সম্পদের যেসব হিসাব আদালতের আদেশে ফ্রিজ বা অ্যাটাচমেন্ট করা হয়েছে, সেসব হিসাব থেকে সরকারের প্রাপ্য শুল্ক ও কর আদায়ে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য পদক্ষেপের বিষয়ে করণীয় নির্ধারণ করতে হবে।

একই সঙ্গে এসব সম্পদ থেকে সরকারের রাজস্ব আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে কমিটি। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা প্রজ্ঞাপনে সই করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ