আশুলিয়ায় আজ ৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি
চলমান শ্রমিক অসন্তোষের জেরে সোমবার (৯ সেপ্টেম্ব) সাভারের আশুলিয়ায় ৭৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম। তবে এখন পর্যন্ত শিল্পাঞ্চলের অন্যান্য এলাকাগুলোতে অবস্থিত কারখানাগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
বিজিএমইএ সূত্র জানায়, বেলা ১২টা পর্যন্ত তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আজ এই অঞ্চলের অনন্ত, শারমীন, হামীম, স্টারলিং গ্রুপসহ ৬৮টি গ্রুপ/কোম্পানির কারখানা স্ব-বেতনে (লিভ ইউথ পে) বন্ধ আছে। যেসব কারখানা খোলা ছিল, তার মধ্যে ১৩টি গ্রুপ/কারখানার শ্রমিকরা আজ কাজ না করে কারখানা থেকে বেরিয়ে যান।
সূত্র আরও জানায়, কারখানা খোলা থাকলেও শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিশৃঙ্খলা করছেন, এমন কারখানার সংখ্যা অন্তত ৮টি। এগুলো হলো- মন্ডল নিটওয়্যার, ন্যাচারাল ডেনিম, নিট কম্পোজিট, রেডিয়েন্স জিন্স, রেডিয়েন্স ফ্যাশন, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ, ব্রেভো অ্যাপারেলস লিমিটেড, প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড।
এ ব্যাপারে শ্রমিকরা জানান, গতকাল রাতে কারখানাগুলোর মালিকপক্ষ আজ কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে ফটকে নোটিশ ঝুলিয়ে দেয়। কিছু কারখানা আজ সকালে নোটিশ ঝুলিয়েছে। সেসব কারখানার শ্রমিকরা সকালে কারখানায় গিয়ে বন্ধের নোটিশ পেয়ে ফিরে আসেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে