Views Bangladesh Logo

জুনে ৭৪৩ দুর্ঘটনায় নিহত ৭৮০ জন, আহত প্রায় দুই হাজার: যাত্রী কল্যাণ সমিতি

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বছরের জুন মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে ৭৪৩টি দুর্ঘটনায় মোট ৭৮০ জন নিহত এবং এক হাজার ৯১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এতে বলা হয়, জাতীয় ও আঞ্চলিক ৯টি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত ও এক হাজার ৯০২ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ১৪ জন আহত হন। এছাড়া নৌপথে ১৮টি দুর্ঘটনায় প্রাণ হারান ১৩ জন।

সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোটরসাইকেলচালক ও যাত্রীরা। মোট ২২৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৪৪ জন নিহত ও ২১২ জন আহত হয়েছেন। যা মাসিক দুর্ঘটনার মধ্যে ৩৩ দশমিক ৩৮ শতাংশ, নিহতের ৩৪ দশমিক ৩১ শতাংশ এবং আহতের ১১ দশমিক ১৪ শতাংশ।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, জুনে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১৬০টি দুর্ঘটনায় ১৭২ জন নিহত ও ৫৮৮ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে—২৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন এবং আহত হয়েছেন ৪৫ জন।

যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, দুর্ঘটনার পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে চালকদের বেপরোয়া গতি, আইন না মানা, গাড়ির ফিটনেসবিহীনতা, সড়কের নাজুক অবস্থা এবং পথচারীদের অসতর্কতা।

সংগঠনটি দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, গণপরিবহনে শৃঙ্খলা ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে।






মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ