Views Bangladesh Logo

কঙ্গোতে নৌদুর্ঘটনায় ৮৭ জনের মৃত্যু, নিখোঁজ ৭৮

 VB  Desk

ভিবি ডেস্ক

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিভু হ্রদে নৌকা ডুবে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে। এই নৌদুর্ঘটনায় এখনো ৭৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক সরকার।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে দক্ষিণ কিভু প্রদেশের মিনোভা শহর থেকে আসা নৌকাটি উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমার উপকণ্ঠে কিতুকু বন্দরের কাছে ডুবে যায়।

এ বিষয়ে প্রাদেশিক সরকার আরও জানায়, এই দুর্ঘটনায় উদ্ধার হওয়া ৮৭টি মৃতদেহ গোমার জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে এবং বেঁচে যাওয়া আরও নয়জন হাসপাতালে ভর্তি আছে।

নৌকাটিতে কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি। তবে স্থানীয় সূত্রগুলো সিনহুয়াকে জানায়, ধারণক্ষমতার অধিক যাত্রী ছিল বহন করছিল এটি।

কিতুকু বন্দরের কর্মীরা জানান, অনেক বেশি ঢেউয়ের কারণে বন্দর থেকে প্রায় ৭০০ মিটার দূরে ডুবে যায় নৌকাটি।

সংবাদমাধ্যম সিনহুয়া বলেছে, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত স্বজনদের মৃতদেহ পাওয়ার আশায় কিতুকু বন্দরে অনেককে জড়ো হতে দেখা গেছে।

এদিকে কিভু প্রদেশের গভর্নর জিন জ্যাক পুরিসি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘সঠিক সংখ্যা পেতে অন্তত তিন দিন সময় লাগবে। কারণ এখনো সব মৃতদেহ পাওয়া যায়নি।’

প্রসঙ্গত, সশস্ত্র গোষ্ঠী এবং ডিআরসি সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের কারণে কয়েক মাস ধরে দেশটির গোমা ও মিনোভার সংযোগ সড়কগুলো বন্ধ রয়েছে। এ কারণে নৌপথের ওপর বেশি চাপ পড়তে থাকে। তীব্র বাতাস ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে কিভু হ্রদে প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ