ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, মামলা ৪২
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪২টি মামলা করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ২৬৩ জন মিরপুর বিভাগে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১৯৬ জন, ওয়ারী বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান ও উত্তরা বিভাগে ৪০ জন করে এবং রমনা বিভাগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাগ বিভাগে গ্রেপ্তার হয়েছেন ৪০ জন। অন্যদিকে, গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০টি ইয়াবা বড়ি, ৬ হাজার ১০০টি ট্যাপেন্টাডল বড়ি ও একটি কলকী। এ ছাড়া ১৪৯ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।
পুলিশ আরও উদ্ধার করেছে একটি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, নয়টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা। একই অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মতামত দিন