Views Bangladesh Logo

৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা–আগুন

দেশের ৪০টি জেলায় গত ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পেট্রল ঢেলে আগুন দেওয়া, পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতার অভিযোগ উঠেছে।

ধারাবাহিক এসব হামলায় উদ্বেগ প্রকাশ করে ব্যাংক কর্তৃপক্ষ ঘটনার নিন্দা জানিয়েছে এবং কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ৭২টি ঘটনার মধ্যে ৩৩টিতে পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া ২৩টি ঘটনায় পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপ করা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আটটি ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। এরপর ছয়টি ঘটনা নিয়ে রয়েছে গাজীপুর।

ব্যাংকের হিসাব অনুযায়ী, হামলার সবচেয়ে বড় অংশ ঘটেছে শেষ দুই দিনে। গত মঙ্গলবার ১৯টি এবং বুধবার দিবাগত রাতে ৩০টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর আগে ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি ঘটনা ঘটে। এসব হামলার দিনগুলোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচি ছিল বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

শাখা কার্যালয়ের পাশাপাশি ব্যাংকটির কয়েকটি আঞ্চলিক ও জোনাল অফিসও আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক অফিস এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয় রয়েছে।

নিরীক্ষা প্রতিবেদনে হামলার ধরন সম্পর্কে আরও বলা হয়েছে, সাতটি ঘটনায় হামলাকারীরা ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার অথবা ভেতরে প্রবেশের চেষ্টা করেও সফল হয়নি। তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন ধরানো হয়। দুটি ঘটনায় কেরোসিন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন দেওয়া এবং অন্য একটি ঘটনায় পাথর নিক্ষেপ করা হয়।

আইনি পদক্ষেপের ক্ষেত্রে ব্যাংকের তথ্য বলছে, সাতটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে ৪৮টি ঘটনায় এখনো থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি। আরও ১২টি ঘটনায় জিডি করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে গ্রামীণ ব্যাংক। চিঠিতে দেশের সব শাখা, কার্যালয়, স্থাপনা, সম্পদ, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এসব হামলা কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের ভবন, আসবাবপত্র ও অন্যান্য সম্পদের ক্ষতি করছে না; এর প্রভাব পড়ছে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং ব্যাংকটির ওপর তাঁদের দীর্ঘদিনের আস্থায়। বিভিন্ন শাখায় আসবাবপত্র, কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি ও সিসিটিভি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি কার্যালয় আগুনে প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়েও সতর্ক করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন নয়। ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারধারকদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। এ বিষয়ে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমকর্মীসহ সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এসব ঘটনার তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ