‘৭১’ ও ‘২৪’ দাঁড়িপাল্লায়, সমালোচনার পর চিত্রকর্ম সরাল রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনী থেকে বিতর্কিত একটি চিত্রকর্ম সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চিত্রকর্মটিতে ১৯৭১ ও ২০২৪ সালকে দাঁড়িপাল্লার দুই পাশে দেখানো নিয়ে সমালোচনা তৈরি হওয়ার পর সোমবার সকালে এটি প্রদর্শনী থেকে সরানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সকালে তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের পাশে তিন দিনব্যাপী ‘জুলাই গণ-অভ্যুত্থান : রংতুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে চারুকলা অনুষদের আয়োজিত আর্ট ক্যাম্পে তৈরি বিভিন্ন মাধ্যমের ৮০টি শিল্পকর্ম এতে স্থান পেয়েছে।
বিতর্কের কেন্দ্রে থাকা চিত্রকর্মটিতে একটি হাতের ধরে থাকা দাঁড়িপাল্লার এক পাশে লাল রঙে ‘৭১’ এবং অন্য পাশে কালচে রঙে ‘২৪’ লেখা ছিল। চিত্রকর্মে ‘২৪’ লেখা পাল্লাটি কিছুটা নিচের দিকে থাকায় দর্শকদের একাংশের কাছে মনে হয়, সেখানে ২০২৪ সালকে ১৯৭১-এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন চিত্রকর্মটি প্রদর্শনী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে শিল্পীর ব্যাখ্যা ভিন্ন। নাম প্রকাশ না করার শর্তে তিনি গণমাধ্যমকে বলেন, তাঁর কাজের উদ্দেশ্য ১৯৭১ ও ২০২৪ সালের মধ্যে শ্রেষ্ঠত্বের তুলনা করা নয়। বরং জুলাইয়ের পর একটি পক্ষ যেভাবে দুটি সময়কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, চিত্রকর্মে সেই বিষয়টিই প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে।
চিত্রকর্মটি সরিয়ে নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক কামরুজ্জামান বলেন, প্রদর্শনীটি চারুকলা অনুষদের তত্ত্বাবধানে আয়োজন করা হলেও সিনেট ভবনের পাশে প্রদর্শনীর স্থান নির্ধারণের দায়িত্ব ছিল প্রশাসনের। চিত্রকর্মটির বিষয়টি জানার পর সেটি সরিয়ে নেওয়া হয়েছে। বিতর্কিত কোনো বিষয়কে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্রয় দিতে চায় না বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চারুকলা অনুষদের ডিন মোহাম্মদ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
প্রদর্শনীটি মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে। এতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আর্ট ক্যাম্পে তৈরি চিত্রকর্মগুলো প্রদর্শন করা হচ্ছে।
মতামত দিন