নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেকে ৭০০ পর্যটক
ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অবরোধ শিথিলের পর প্রথম দিনেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাত শতাধিক পর্যটক সাজেকে প্রবেশ করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি থেকে সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোনের বিশেষ নিরাপত্তা স্কটের মাধ্যমে পর্যটকেরা সাজেকে পৌঁছান।
পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন, আসন্ন দুর্গাপূজার ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শুক্রবার থেকে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল করা হয়েছে। এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসন গত বৃহস্পতিবার রাতে সাজেক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুপর্ণ দেব বর্মন বলেন, দীর্ঘদিন পর্যটক না আসায় পাহাড়ের পর্যটন খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। দুর্গাপূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে গত কয়েক দিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে পূজার ছুটি ঘিরে সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং শুরু হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খাগড়াছড়ি থেকে আসা পর্যটকেরা নিরাপদে সাজেকে পৌঁছেছেন।
মতামত দিন