সিলেটে যৌথ বাহিনীর অভিযানে ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটন এলাকা সাদাপাথর থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার রোধে বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন।
বুধবার (১৩ আগস্ট) রাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত চলা যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৭০টি ট্রাক থেকে প্রায় ৩৫ হাজার ঘনফুট অবৈধ পাথর উদ্ধার করা হয়। অভিযান চলাকালে মোট প্রায় ১৩০টি যানবাহন তল্লাশি করা হয়েছে।
পাথর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ফারজানা আখতার মিতা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এবং স্থানীয় পরিবেশ সংরক্ষণ করতে উদ্ধার করা পাথরগুলো ধলাই নদীতে ফিরিয়ে দেয়া হচ্ছে।
জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, নদীতে পাথরগুলো ফেরত দেয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
এদিকে এ অবৈধ উত্তোলনের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আশা করা হচ্ছে, অভিযানে শিগগিরই তাদেরকে গ্রেপ্তার করা হবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাদাপাথর এলাকায় প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করে আসছে। সাম্প্রতিক সময়ে এই লুটপাটের মাত্রা এতটাই বেড়েছে যে ধলাই নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এডিসি ফারজানা আখতার মিতা বলেন, ‘অবৈধভাবে উত্তোলন করা সব পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত এই অভিযান চলবে। আমরা প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘অবৈধভাবে পাথর উত্তোলন, মজুত বা পাচারে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।’
প্রশাসন জানিয়েছে, অবৈধ কার্যক্রম সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে