Views Bangladesh Logo

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ ৭০ শ্রমিক অসুস্থ, সাধারণ ছুটি ঘোষণা

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার অন্তত ৭০ জন শ্রমিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড’ কারখানায় এই ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এক দিনের জন্য কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

অসুস্থ শ্রমিকদের মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ধারণা, শ্রমিকরা ‘প্যানিক অ্যাটাক’-এ আক্রান্ত হয়েছেন।

শ্রমিকরা জানায়, সকালে কাজ শুরু হওয়ার পর একটি ফ্লোরে হঠাৎ করেই একে একে শ্রমিকরা বমি, মাথা ঘোরা ও শারীরিক অসুস্থতা অনুভব করতে থাকেন। একপর্যায়ে অনেকেই মেঝেতে লুটিয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে পুরো কারখানাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আলেয়া আক্তার নামে কারখানার এক শ্রমিক জানান, কিছুদিন আগে একই ফ্লোরে লিজা বেগম নামে এক শ্রমিক মারা যান। এবারও ওই ফ্লোরেই শ্রমিকদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

আল-হেরা হাসপাতালের ব্যবস্থাপক মুসা কলিমুল্লাহ জানান, ৩৫-৪০ জন শ্রমিককে এই হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অনেকেই বাসায় চলে গেছেন। তবে আরও অসুস্থ শ্রমিক আসছেন।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আবুল হোসাইন বলেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশির ভাগ শ্রমিকের বমি ও মাথা ঘোরার উপসর্গ রয়েছে।

শ্রমিকদের এই আকস্মিক অসুস্থতার বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, প্যানিক অ্যাটাক হলো কোনো কারণ ছাড়াই হঠাৎ তীব্র ভয় ও আতঙ্কের অনুভূতি, যার সাথে শরীর কাঁপতে থাকা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা এবং মৃত্যুর মতো ভয় যুক্ত থাকে। সাধারণত কয়েক মিনিটের মধ্যে এই লক্ষণগুলো চরম আকার ধারণ করে।

খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইঞা বলেন, এ ঘটনার পরপরই অসুস্থ শ্রমিকদের দেখতে হাসপাতালে যাই। অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সাথে উদ্ভূত পরিস্থিতির কারণে কারখানাটি একদিনের জন্য ছুটি ঘোষণার বিষয়টিও নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ