Views Bangladesh Logo

আরাকান আর্মির হাতে আটক ৭০ জেলে ফিরছেন আজ

কক্সবাজারের টেকনাফের নাফ নদ ও বঙ্গোপসাগর এলাকা থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ৭০ জন জেলেকে আজ সোমবার ফেরত দিচ্ছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

জেলেদের দেশে ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি প্রতিনিধি দল দুপুরে টেকনাফের জালিয়াপাড়ার টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট থেকে নাফ নদের শূন্যরেখার উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে কমপক্ষে ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফ নদের শূন্যরেখায় আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে। জেলেদের গ্রহণের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাফ নদ ও বঙ্গোপসাগর এলাকা থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া কমপক্ষে ২০০ জেলে এখনও আরাকান আর্মির হাতে আটক রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা থাকলেও অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী নাফ নদ এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কূটনৈতিক ও সীমান্ত পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ