মির্জাপুরে দুর্গা মন্দিরে নির্মাণাধীন সাত প্রতিমা ভাঙচুরের অভিযোগ
টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গা মন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জামুর্কী আর্য্য সমিতির উদ্যোগে ওই মন্দিরে প্রায় ৮৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও পূজার প্রস্তুতি হিসেবে মন্দির প্রাঙ্গণে দুর্গা প্রতিমাসহ মোট সাতটি প্রতিমা তৈরি করা হচ্ছিল। প্রতিমাগুলোর রং করার কাজ ছাড়া নির্মাণের প্রায় সব কাজই শেষ হয়েছিল।
অভিযোগ রয়েছে, বুধবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা মন্দিরে প্রবেশ করে নির্মাণাধীন প্রতিমাগুলো ভাঙচুর করে। বৃহস্পতিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাশাপাশি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।
ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং মির্জাপুর-নাগরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
জামুর্কী আর্য্য সমিতির সভাপতি প্রকাশ বাকালী বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মির্জাপুর-নাগরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আয়োজকদের সঙ্গে কথা বলে মন্দিরের নিরাপত্তার বিষয়ে তাদের আশ্বস্ত করা হয়েছে।
মির্জাপুর থানার পরিদর্শক লুকমান হোসেন জানান, প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে মন্দিরের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতামত দিন