ঝিনাইদহে বাসে আগুন ও পেট্রোল পাম্প ভাঙচুরের অভিযোগে বৈছাআর ৭ নেতা গ্রেপ্তার
ঝিনাইদহে বাসে আগুন দেওয়া ও একটি তেল পাম্প ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা ইউনিটের সাত নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহ পৌরসভার বেপারিপাড়া ও পায়রা চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্যসচিব আশিকুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাশদিদ হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত, কেন্দ্রীয় যুবশক্তির সদস্য ও জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির এবং রাসের হোসেন।
পুলিশ জানায়, রোববার তাজ ফিলিং স্টেশন থেকে তেল নেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা ইউনিটের সাবেক সদস্য নয়ন নিহত হন। এই ঘটনার পর তিনটি বাসে আগুন দেওয়া হয় এবং একটি পেট্রোল পাম্পে ভাঙচুর চালানো হয়।
এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা পরদিন বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন, বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় এক বাস মালিক ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে অভিযুক্তরা দাবি করেছেন, মধ্যরাত থেকে তাদের ডিবি কার্যালয়ে আটক রেখে মারধর ও নির্যাতন করা হয়েছে। কারাগারের প্রিজন ভ্যানে তোলার সময় তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে স্লোগান দেন। পাশাপাশি বাসে আগুন দেওয়ার ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও তারা অভিযোগ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে