সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় ৭ জন উদ্ধার
বাংলাদেশ কোস্ট গার্ড কক্সবাজারের টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী-শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে। সংস্থাটির দাবি, ওই বসতঘরটি মানব পাচারকারীদের আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে ওই সাতজনকে সেখানে নিয়ে আসে। পরে সাগরপথে তাদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল।
তবে অভিযানের আগেই পাচারকারী দলের সদস্যরা পালিয়ে যায় বলে জানিয়েছে কোস্টগার্ড।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম। তিনি বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মানব পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে