Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের রোগী এবং বাকি ৪ জন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২১৫ জন নতুন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ১৭২ জনের দেহে হামের উপস্থিতি পাওয়া যায়। এ নিয়ে গত দেড় মাসে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৯ জনে, যার মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৩১ জন।

এদিকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে মোট ১৯ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬ হাজার ৫২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে আরও অনেক রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশব্যাপী টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ