Views Bangladesh Logo

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনসহ মোট সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮২ জনের শরীরে এই ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের কারণে মোট ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৮ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে এবং ২৮৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ১৩২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এরপর রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে মৃত্যু হয়েছে ৭৮ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ১ হাজার ২১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৯৫০ জন চিকিৎসাধীন আছেন। ঢাকার হাসপাতালগুলোতেই এক দিনে ৪৫১ জন রোগী ভর্তি হয়েছেন। তুলনামূলকভাবে রংপুর বিভাগে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে কম, ১৪ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১০ জনে। এর মধ্যে ৬ হাজার ৪৯০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা না নেওয়া শিশুদের মধ্যে ঝুঁকি সবচেয়ে বেশি এবং দ্রুত টিকাদান ও চিকিৎসা ব্যবস্থা জোরদার না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ