হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য নেই। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৬০১ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন। এর মধ্যে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২১০ জনের ক্ষেত্রে উপসর্গ পাওয়া গেছে।
এ সময়ে উপসর্গে মারা যাওয়া সাতজনের মধ্যে ছয়জনই ঢাকার, বাকি একজন ময়মনসিংহের। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৬০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১১ জন মারা গেছেন উপসর্গে, আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৭৪ হাজার ৫৭২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ হাজার ৯৪২ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে