Views Bangladesh Logo

আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার পাশে সিলিন্ডারবোঝাই লরিতে বিস্ফোরণ থেকে লাগা আগুনে সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে জয়নাব বেগম নামে এক নারীকে শনাক্ত করা গেলেও আগুনে পুড়ে যাওয়ায় অন্য ছয়জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কারখানার কর্মী ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানার সীমানার পাশে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, কারখানার বাইরে সিলিন্ডারবোঝাই লরিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। পরে লরির ভেতর থেকে একজনের এবং আশপাশ থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বিস্ফোরিত একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি কাপড়ের দোকানে গিয়ে পড়লে সেখানে থাকা দোকানি জয়নাব বেগম নিহত হন। তিনি কারখানার পাশে দোকান পরিচালনা করতেন। এ ঘটনায় নিহত সাতজনের মধ্যে এখন পর্যন্ত শুধু তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে আহতদের স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, তাদের হাসপাতালে ১৬ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে তিনজনের শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

প্রীতি গ্রুপের এফএনএস কারখানার অ্যাডমিন ম্যানেজার হেমায়েত উদ্দিন বলেন, কারখানার সীমানাপ্রাচীরের পাশে থাকা লরির সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় কারখানার শ্রমিকরা বাইরে বের হয়ে যাওয়ায় ভেতরে কেউ আটকা পড়েননি। তবে লরি ও কাভার্ড ভ্যানের আশপাশে থাকা কয়েকজন আগুনে দগ্ধ হয়ে মারা যান। বিস্ফোরণের ফলে ধাতব বিভিন্ন অংশ ছিটকে আশপাশের সড়ক ও বাড়িঘরেও পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ এবং পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এদিকে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ