নেত্রকোনা-৩ আসনে বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির প্রার্থী ও দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম হিলালী। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন দলের বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।
মমেক হাসপাতালে পাঠানো আহত দুজন হলেন গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম এবং ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল হালিম ছুরিকাঘাতে এবং মোনতাজ মিয়া লাঠিপেটায় আহত হন। দুজনই ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গারাউন্দ ও দেওপাড়া গ্রাম পাশাপাশি অবস্থিত। মঙ্গলবার রাতে নির্বাচনকে কেন্দ্র করে যুবদল নেতা আব্দুল হালিমের সঙ্গে ঘোড়া প্রতীকের সমর্থক আলমগীর মিয়ার বাক্বিতণ্ডা হয়। এর জেরে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে মমেকে পাঠানো হয় এবং অন্যরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেনাসদস্যরাও সেখানে উপস্থিত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে