সিলেটে কফি শপে বিস্ফোরণ, আহত ৭
সিলেট নগরের একটি কফি শপে বিস্ফোরণে পথচারীসহ সাতজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের জিতু মিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘স্বাদ অ্যান্ড কোং’ নামের দোকানে রেফ্রিজারেটরগুলো হঠাৎই বিকট শব্দে বিস্ফোরিত হয়, এতে দোকানের কর্মচারী এবং পথচারীসহ মোট সাতজন আহত হন। আহতদের মধ্যে দোকানের কর্মী ইমন (১৮) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন এবং অন্য আহতরাও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার অফিসার-ইন-চার্জ মো. জিয়াউল হক জানান, স্থানীয়রা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি সিএনজি অটোরিকশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে