ইমরানের খানের প্রতি মানবিক হওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট অধিনায়ক ইমরান খানের চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়ক। ইমরানের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ। তারা জানিয়েছেন, কোনো কূটনীতিক বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, সাবেক অধিনায়ক হিসেবেই তারা এ বিষয়ে কথা বলতে বাধ্য হয়েছেন।
চিঠিতে তারা স্পষ্ট করে বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক বিষয়ে তারা কোনো অবস্থান নিচ্ছেন না। বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার বলেও উল্লেখ করেছেন তারা। তবে তাদের মতে, কোনো ব্যক্তি রাজনৈতিক বা আইনি কারণে কারাবন্দি থাকলেও তার প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার অধিকার মৌলিক মানবিক অধিকারের অংশ। ইমরান সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন কি না, তা নিয়েই তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
দুর্নীতির মামলায় ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দি আছেন ৭৩ বছর বয়সী ইমরান। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা করাতে তাকে ইসলামাবাদে নেওয়া হয়েছিল। পরে আবার কারাগারে ফেরত পাঠানো হয়। তার দুই ছেলে সুলেইমান ও কাসিম বাবার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, ইমরানকে হত্যার চেষ্টা করা হতে পারে।
এর আগে ইমরানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছিলেন বিশ্বের ২১ জন সাবেক ক্রিকেট অধিনায়ক। সেই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলও ছিলেন।
ইমরানের চিকিৎসা নিয়ে চ্যাপেলের উদ্বেগ প্রকাশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বর্তমান অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও তার প্রতি সমর্থন জানান। তিনি বলেন, গ্রেগ চ্যাপেল ও অন্য সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের বক্তব্যের প্রতি তার সমর্থন রয়েছে। ইমরানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে আদালত সহযোগিতা করবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাৎ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন কামিন্স। একই সঙ্গে তিনি বলেন, ইমরান খানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা উচিত, যেমনটা প্রত্যেক মানুষের প্রাপ্য।
ইমরানের চিকিৎসা ও কারাবন্দি অবস্থার বিষয়ে এরই মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যেও উদ্বেগ দেখা গেছে। জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মইন খানসহ সাবেক ক্রিকেটাররা এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন।
মতামত দিন