ঈদ উপলক্ষে খুলে দেয়া হলো বিআরটির ৭ ফ্লাইওভার
পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-গাজীপুর রুটে সাতটি ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে। আজ থেকেই যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় নির্মিত ফ্লাইওভারগুলো।
রোববার সচিবালয় থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব ফ্লাইওভারের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ঈদকে সামনে রেখে এই সাতটি ফ্লাইওভার উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা ঘরমুখো যাত্রীদের উপহার দিচ্ছি।
তিনি আরও বলেন, বিশেষ করে ফ্লাইওভারগুলো চালু হলে যাতায়াত সহজ হবে এবং বৃহত্তর ময়মনসিংহ এলাকার ঘরমুখো যাত্রীরা স্বস্তি পাবেন।
ফ্লাইওভারগুলো হলো- ৩২৩ মিটার এয়ারপোর্ট ফ্লাইওভার (বাঁ-পাশ), ৩২৩ মিটার এয়ারপোর্ট ফ্লাইওভার (ডান-পাশ), ১৮০ মিটার জসীমউদ্দীন ফ্লাইওভার, ১৬৫ মিটার ইউটার্ন-১ গাজীপুরা ফ্লাইওভার, ১৬৫ মিটার ইউটার্ন-২ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফ্লাইওভার, ২৪০ মিটার ভোগড়া ফ্লাইওভার এবং গাজীপুরের চৌরাস্তায় ৫৬৮ মিটার ফ্লাইওভার।
জানা গেছে, ২০১১ সালে বিআরটির এই প্রকল্পের প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা করে এশীয় উন্নয়ন ব্যাংক। এরপর ২০১২ সালের ১ ডিসেম্বর একনেকে প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। শুরুতে এর ব্যয় ধরা হয় ২ হাজার ৩৯ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের ডিসেম্বরে। তবে কয়েক দফা সময় বাড়িয়ে ২০২৩ সালের ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।
বিআরটি প্রকল্পের সর্বশেষ ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৬৮ কোটি ৩২ লাখ ৪৩ হাজার টাকা। শুরুতে প্রকল্পের দৈর্ঘ্য ছিল চান্দনা চৌরাস্তা থেকে ঢাকার কেরানীগঞ্জ পর্যন্ত। কিন্তু পরে সময় বাড়িয়ে প্রকল্প ব্যয় বাড়ানো হলেও পথ ছোট করে চান্দনা চৌরাস্তা থেকে কেরানীগঞ্জের পরিবর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে