Views Bangladesh Logo

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৭ শিশু, ৫২ দিনে মৃত্যু ৩২৪

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন হামের উপসর্গ নিয়ে এবং দুইজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৫২ দিনে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৪ জনে। এর মধ্যে ২৬৮ জন হামের উপসর্গ নিয়ে এবং ৫৬ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দু’জন করে এবং সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৪টি শিশু। একই সময়ে ৩৭৩টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৮২ জন সিলেট বিভাগে এবং ১২২ জন ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৫৫ জন।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় নতুন করে টিকা সরবরাহ জোরদার করা হয়েছে। সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, হাম-রুবেলা, ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ