Views Bangladesh Logo

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

জলাবদ্ধ পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে দেশজুড়ে আলোচনার পর কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজটির ইতিহাসে একসঙ্গে এত সংখ্যক শিক্ষক বদলির ঘটনা এবারই প্রথম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। বদলিকৃতদের মধ্যে রয়েছেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহ, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন। তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

গত ১৩ জুলাই অতিবৃষ্টিতে কুমিল্লা শহরের সড়ক ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে তলিয়ে যায়। এ অবস্থায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে নৌকার ব্যবস্থা করে কুমিল্লা সিটি করপোরেশন। নৌকায় চড়ে পরীক্ষা দিতে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি দেশজুড়ে সমালোচনার জন্ম দেয় এবং শিক্ষামন্ত্রীও এ নিয়ে সমালোচনার মুখে পড়েন।

এরপর ১৮ জুলাই কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কলেজ পরিদর্শন করে জলাবদ্ধতা ও পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষকদের সঙ্গে বৈঠক করে সরকারের ও শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়েও ক্ষোভ জানান।

তবে এই বদলি শাস্তিমূলক কি না, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কুমিল্লা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী যে কোনো সময় শিক্ষক বদলি করতে পারে। তবে একসঙ্গে সাত শিক্ষকের বদলির কারণ সম্পর্কে মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ