গত ২৪ ঘণ্টায় ৭ পরিবহনে অগ্নিসংযোগ
সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ডাকে ৩৬ ঘণ্টার অবরোধ চলছে। গতকাল সন্ধ্যার পর থেকে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত অন্তত সাতটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গণসংযোগ বিভাগের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনওয়ারুল ইসলাম এ তথ্য জানান।
আনওয়ারুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় সাতটি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে সোমবার ও মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে পাঁচটি পরিবহন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময়ের মধ্যে ছয়টি বাস ও একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করা হয়।
ঢাকার মতিঝিল, আশুলিয়া এবং ফেনীতে আগুন সন্ত্রাসের খবর পাওয়া গেছে। এসব পরিবহনের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট তৎপর ছিল।
গত ২৮ অক্টোবর থেকে বিএনপি ও সমমনা দলগুলোর দফায় দফায় চলমান অবরোধ ও হরতালে এ পর্যন্ত মোট ২৭০টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে, জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে রয়েছে ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং ২৭টি অন্যান্য যান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে