গোপালগঞ্জে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-আ. লীগের ৭ কর্মী আটক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কানসুর এলাকায় পরিচালিত এক অভিযানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।
তবে এখন পর্যন্ত আটককৃতদের নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের সূত্র জানায়, এনসিপির জুলাই মাসের পদযাত্রাকে সামনে রেখে জেলার বেশ কয়েকটি স্থানে নাশকতা, ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে কানসুর এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।
অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সমর্থক গোষ্ঠীর একদল কর্মী নাশকতার পরিকল্পনা করার জন্য সেখানে জড়ো হয়েছিলেন।
সূত্র আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে