Views Bangladesh Logo

পদ্মায় বাসডুবির ঘটনায় তদন্ত কমিটি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়, ৩ কর্মদিবসে কারণ জানানোর নির্দেশ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, নৌপুলিশ এবং রাজবাড়ী জেলা প্রশাসনের প্রতিনিধিরা রয়েছেন। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

তদন্ত কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ, দায়ীদের শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশ দিতে বলা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এরপর উদ্ধার অভিযান শুরু হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ