Views Bangladesh Logo

বিভিন্ন কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দীর মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো ৬৯০ বন্দী পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। কারা মহাপরিদর্শক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগারে হামলা ও ভাঙচুরের সুযোগে মোট ২ হাজার ২৪৭ বন্দী পালিয়ে যান। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ৫৫৭ জনকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের বিষয়ে সৈয়দ মোতাহার হোসেন বলেন, ওই কারাগার থেকে মোট ৮২৬ বন্দী পালিয়েছিলেন। এর মধ্যে ৬৬০ জনের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে এখনো ১৬৬ বন্দীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

কারাগারে বন্দীদের বিশেষ কোনো সুবিধা দেওয়া হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, কোনো বন্দীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। বর্তমানে দেশে ৭৫টি কারাগার রয়েছে। এসব কারাগারে বন্দীদের খাবারের পরিমাণ ও মান নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এর মধ্যে ২১টি কারাগার সংস্কারের প্রয়োজন রয়েছে।

কারাগারে মাদক প্রবেশ এবং এ কাজে কারারক্ষীদের সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মাদক ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে কারা অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। কোনো কারারক্ষী মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ফৌজদারি মামলা করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

কারা মহাপরিদর্শক আরও জানান, গত দুই বছরে বিভিন্ন অনিয়ম ও অপরাধের ঘটনায় ২১ জন কারারক্ষীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া ৮৭০ জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ছোটখাটো অপরাধের ঘটনায় প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ৩০৩ জনকে দায়িত্ব বা কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ