সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ বাংলাদেশি হাজি, মৃতের সংখ্যা বেড়ে ১৮
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী। এদিকে সৌদি আরবে আরও এক হজযাত্রীর মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে।
মঙ্গলবার (১৯ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ মৃত হজযাত্রীর নাম সাজেদা বেগম (৫৬)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা ছিলেন। রোববার (১৭ মে) মক্কায় তিনি মারা যান। বেসরকারি হজ ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন তিনি।
হেল্প ডেস্কের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত মারা যাওয়া ১৮ জন হজযাত্রীর মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। তাদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মৃত্যুবরণ করেন।
চলতি বছর হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৬টি, সৌদিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) ৬১টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০২৬ সালে বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।
এর আগে গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের আনুষ্ঠানিক হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবের উদ্দেশ্যে হজ ফ্লাইট চলাচল করবে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে