Views Bangladesh Logo

৮ দিনে ভোমরা বন্দর দিয়ে সাড়ে ৬ হাজার টন চাল আমদানি

 VB  Desk

ভিবি ডেস্ক

গত ৮ দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৬,৫২০ দশমিক ২১ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক চাল আমদানির উপর থেকে শুল্ক কর প্রত্যাহার করে নেয়ার পর থেকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) পর্যন্ত আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ভোমরা স্থলবন্দর দিয়ে এই পরিমাণ চাল আমদানি করে বলে জানা গেছে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতীয় চাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের পর অনুমোদনপ্রাপ্ত ১২টি আমদানিকারক প্রতিষ্ঠান গত ১৩ নভেম্বর থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয়  চাল আমদানি শুরু করে। এর মধ্যে ঢাকার পুরান পল্টন মজুমদার একগ্রোটেক ইন্টারন্যাশনাল আমদানিকারক প্রতিষ্ঠান চার দফায় ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ১,৮৬১ দশমিক ৪৭ মেট্রিক টন চাল আমদানি করে।

এ ছাড়া সাতক্ষীরার কলারোয়ার মুকুল এন্টারপ্রাইজ তিন দফায় ৩০০ মেট্রিক টন, দুই দফায় যশোরের বাগআচড়া সরদার অ্যালুমিনিয়াম স্টোর ২০০ মেট্রিক টন ও মজুমদার এন্ড সন্স প্রতিষ্ঠান ৭৩৫ মেট্রিক টন, বগুড়ার আবুল মনসুর খান তিন দফায় ৫০০ মেট্রিক টন চাল আমদানি করে।

তা ছাড়াও যশোরের ইসলামপুর রাইস মিল ১৯৫ মেট্রিক টন, নওয়াপাড়া সুশান্ত কৃষ্ণ রায় ২০০ মেট্রিক টন, ঝিকরগাছার ইমো ট্রের্ডাস ২০০ মেট্রিক টন, বেনাপোলের এস এম এম ইন্টারন্যাশনাল ২৫১ মেট্রিক টন, মাগুরার মহামায়া ট্রেডার্স ১০৫ দশমিক ২৪ মেট্রিক টন, কলারোয়ার মুকুল এন্টারপ্রাইজ ২০০ মেট্রিক টন, ঝিকরগাছার ইসমাইল হোসেন মিলন ২০০ মেট্রিক টন, যশোরের মজুমদার ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড ৪৬২ দশমিক ৫০ মেট্রিক টন, যশোরের রেজাউল এন্ড সন্স ৭৫ মেট্রিক টন এবং সিলেটের জাকিরগঞ্জ মো. আবুল কালাম প্রতিষ্ঠান ৪০ মেট্রিক টন চাল আমদানি করে।

এ ব্যাপারে ভোমরা কাস্টম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ২০২৩ সালের ২০ জুলাই থেকে দেশের বাইরে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। দীর্ঘদিনের জটিলতা নিরসনের পর চাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ভারত সরকার। এরপর গত ১৩ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থলশুল্ক স্টেশন দিয়ে পুনরায় ভারত থেকে চাল আমদানি শুরু হয়। এরই ধারাবাহিকতায় দেশের শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ভোমরা বন্দর ব্যবহার করে ভারত থেকে চাল আমদানি কার্যক্রম অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, দেশের খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য মন্ত্রণালয়ের এক আদেশে ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দেয়া হয়। আদেশ বার্তায় আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে ২ লাখ ৭৩ হাজার মেট্রিক টন সিদ্ধ (নন-বাসমতি) চাল এবং ১ লাখ ১৯ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেয়া হয়।

এদিকে জাতীয় রাজস্ববোর্ড (এনবিআর) চাল আমদানির উপর থেকে শুল্ক কর প্রত্যাহার করে নেওয়ার পর ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ